12/07/2026
মদিনায় একবার তীব্র খরা দেখা দিল। এক জুমু’আর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছেন — এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, “ইয়া রাসূলাল্লাহ! সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে দু’আ করুন, তিনি যেন বৃষ্টি দেন।”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই হাত তুলে দু’আ করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন — তখন আকাশে মেঘের কোনো চিহ্নও ছিল না। কিন্তু দু’আ শেষ হতে না হতেই পাহাড়ের মতো মেঘ উঠে এল, আর বৃষ্টি শুরু হলো। এমন বৃষ্টি — টানা এক সপ্তাহ সূর্যের দেখা মিলল না।
পরের জুমু’আয় সেই ব্যক্তি (বা অন্য একজন) আবার দাঁড়াল: “ইয়া রাসূলাল্লাহ! ঘরবাড়ি ভেঙে পড়ছে, সম্পদ ডুবে যাচ্ছে। আল্লাহর কাছে দু’আ করুন, তিনি যেন থামিয়ে দেন।”
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুচকি হাসলেন এবং দু’আ করলেন —
اللّٰهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللّٰهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা ’আলাইনা। আল্লাহুম্মা ’আলাল আকামি ওয়ায-যিরাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার।
“হে আল্লাহ! আমাদের আশপাশে বর্ষণ করুন, আমাদের উপর নয়। হে আল্লাহ! টিলা, পাহাড়, উপত্যকা ও গাছপালা গজানোর স্থানে বর্ষণ করুন।”
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন — সাথে সাথে মেঘ সরে গেল, আর আমরা রোদের মধ্যে হেঁটে বের হলাম।
(সহীহ বুখারী: ১০১৪; সহীহ মুসলিম: ৮৯৭)
লক্ষ করুন — রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃষ্টি বন্ধ করার দু’আ করেননি। বলেছেন — আমাদের উপর নয়, বরং যেখানে বৃষ্টি উপকার বয়ে আনবে সেখানে দিন। কারণ বৃষ্টি আল্লাহর রহমত — তিনি নিজেই একে “মুবারাক” বলেছেন (সূরা ক্বাফ ৫০:৯)। রহমত ফিরিয়ে দিতে নেই, শুধু তার জায়গা বদলে দিতে চাইতে হয়। এটাই নববী আদব।
আজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা অতিবৃষ্টিতে প্লাবিত। এই মুহূর্তে আমাদের করণীয় দুটো —
এক. এই দু’আটা বেশি বেশি পড়া। সাথে বৃষ্টির সময়ের এই দু’আটাও —
اللّٰهُمَّ صَيِّبًا نَافِعًا
আল্লাহুম্মা সায়্যিবান নাফি’আন।
“হে আল্লাহ! উপকারী বৃষ্টি দান করুন।” (সহীহ বুখারী: ১০৩২)
দুই. জিহ্বার হেফাজত। কষ্ট যত বড়ই হোক, বৃষ্টিকে গালি দেওয়া যাবে না — কারণ বৃষ্টির হুকুম আসে আল্লাহর কাছ থেকে, তাই এর প্রতি কটূক্তি প্রকারান্তরে আল্লাহর দিকেই ফিরে যায়।
আল্লাহ বানভাসি মানুষদের সাহায্য করুন, পানি দ্রুত নামিয়ে দিন, জান-মালের হেফাজত করুন। আর যারা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন — তাদের দান কবুল করে বহুগুণে ফিরিয়ে দিন। আমীন।