30/08/2026
জলপাইগুড়িতে ক্রীড়াক্ষেত্রে
সাফল্য অর্জনকারীদের সন্মান
আন্তর্জাতিক বধির দিবস, ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ দিবস ও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলপাইগুড়ি জেলা ডেফ অ্যাসোসিয়েশন ও জলপাইগুড়ি জেলা ডেফ স্পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের সম্মানিত করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বিদ্যা সরকার ও অপর্ণা চক্রবর্তীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি মহিলা ক্রিকেটে জেলা, রাজ্য ও জাতীয় স্তরে সাফল্যের জন্য বিদ্যা সরকার, ভগবতী রায়, সোনালী বিশ্বাস, সায়ন্তনী রায় ও পূজা সরকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। জাতীয় স্তরে পদকজয়ের জন্য প্রত্যুষ ভট্টাচার্য ও প্রশান্ত হালদার এবং বিভিন্ন স্তরে ক্রীড়া পারফরম্যান্সের জন্য বাবু বর্মন, সাহেব হুসেন ও নয়ন কুমারকেও পুরস্কৃত করা হয়। এদিন ছয়জন জুনিয়র খেলোয়াড়— নিশান্ত কুমার, বাবু বর্মন, সাহেব হুসেন, পূজা সরকার, অন্তরা চক্রবর্তী ও অন্যান্য রায়—আনুষ্ঠানিকভাবে জেলা ডেফ ক্রীড়া সংস্থায় যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গীতা কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন শাশ্বতী গুহ রায়, দিলীপ শা, সুজয় পাল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও সদস্যরা। শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে ডেফ সমাজের সাফল্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠান নতুন প্রজন্মের খেলোয়াড় ও শিক্ষার্থীদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।