17/04/2026
मिडिया का धन्यवाद. 🙏
রামলালার পুণ্যভূমি অযোধ্যায় উত্তরবঙ্গের জয়জয়কার! রামলালার পুণ্যভূমি অযোধ্যায় আয়োজিত জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য ছিনিয়ে নিল উত্তরবঙ্গের প্রতিভারা। গত ১১ ও ১২ এপ্রিল, ২০২৬ তারিখ পর্যন্ত অযোধ্যার মহর্ষি মহেশ যোগী রামায়ণ ইউনিভার্সিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল এই জমকালো ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপ। সেখানেই উত্তরবঙ্গ ভটবাড়ি সীমা যোগা অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। প্রতিযোগিতায় সবথেকে বেশি নজর কেড়েছেন অ্যাকাডেমির কৃতি ছাত্রী শিল্পী বসাক । ১৬-১৯ বছর বয়সী গার্লস ট্র্যাডিশনাল গ্রুপে তিনি প্রথম স্থান অধিকার করেন। তবে শিল্পীর সাফল্য এখানেই থেমে থাকেনি; কঠিন প্রতিযোগীতার মধ্যেও আর্টিস্টিক যোগায় তিনি দ্বিতীয় স্থান অর্জন করে নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
সাফল্যের শিখরে পৌঁছে শিল্পী প্রতিযোগিতার সেরা সম্মান 'চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন' খেতাবটিও নিজের নামে করে নেন।এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছেন অ্যাকাডেমির অভিজ্ঞ কোচ রঞ্জিত রায় । তাঁর সঠিক দিশা এবং কঠোর পরিশ্রমই যে ছাত্রছাত্রীদের এই জাতীয় মঞ্চে সাফল্যের স্বাদ এনে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
কোচ রঞ্জিত রায় জানান শিল্পীর এই কৃতিত্বে আমরা অত্যন্ত আনন্দিত। ওর কঠোর পরিশ্রম এবং একাগ্রতাই আজ ওকে জাতীয় স্তরে সেরার শিরোপা এনে দিয়েছে। এটি কেবল আমাদের অ্যাকাডেমির নয়, গোটা উত্তরবঙ্গের গর্ব।
জাতীয় মঞ্চে উত্তরবঙ্গের একটি ছোট অ্যাকাডেমির এই জয়জয়কার ক্রীড়া মহলে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। শিল্পীর এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন এলাকার ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষও। আগামী দিনে এই অ্যাকাডেমি থেকে আরও নতুন নতুন প্রতিভা উঠে আসবে, এমনটাই আশা রাখছেন সকলে।