19/09/2025
কুমিল্লার ধর্মসাগর পাড়ে শুক্রবার সন্ধ্যা যেনো এক মহারণের মঞ্চ।ঘরোয়া মৌসুমের প্রথম ট্রফির লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব।ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টানটান উত্তেজনার আবহ তৈরি হয় ম্যাচ শুরুর আগেই।মাঠ পুরোপুরি প্রস্তুত না থাকায় খেলাটি শুরু হতে দেরি হয় কয়েক মিনিট,কিন্তু অপেক্ষার প্রহর গোনার পর শুরু হয় এক সত্যিকারের যুদ্ধ।
ম্যাচের সপ্তম মিনিটেই দোরিয়েলতনকে ফাউল করে বসুন্ধরা কিংস পায় পেনাল্টি,শীতল স্নায়ুতে ব্রাজিলিয়ান গোলমেশিন নেটের পথে বল পাঠিয়ে এগিয়ে দেন দলকে।তবে ছয় মিনিট পরই পাল্টা জবাব দেয় মোহামেডান।এলি কেকে’কে বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা,উজবেক ফরোয়ার্ড মোজাফফরভ শটে সমতা ফেরান।এরপর প্রথমার্ধ জুড়ে সুযোগ তৈরি করে দুদলই,কিন্তু গোলের দেখা পায়নি কেউ।দোরিয়েলতনের এক দুর্দান্ত শট ফিরিয়ে দেন মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন।হাফটাইমে স্কোরলাইন ১-১।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই বোঝা যাচ্ছিল লড়াই আরও জমে উঠবে।ম্যাচের ৬৩ মিনিটে ঘটে নাটকীয় মোড়।মাঝমাঠে ফাউল করে সোহেল রানা সিনিয়র দেখেন দ্বিতীয় হলুদ কার্ড,ফলে ১০ জনে নেমে আসে কিংস।যেখানে সবাই ভেবেছিল কিংস হয়তো রক্ষণাত্মক হবে,সেখানেই তারা উল্টো আগ্রাসী হয়ে ওঠে।৭২ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন রাফায়েল আগুস্তো,কিংস ফের এগিয়ে যায়।মাত্র দুই মিনিট পর দোরিয়েলতনের কাটব্যাক থেকে গোল করেন ইমানুয়েল সানডে,যিনি গত মৌসুমেই ছিলেন মোহামেডানের ফুটবলার।প্রাক্তন ক্লাবের বিপক্ষে তার এই গোল যেনো ম্যাচের গতিপথই বদলে দেয়।
মোহামেডানের রক্ষণ ভেঙে চুরমার হয়ে যায় শেষ মুহূর্তে।৮৬ মিনিটে দোরিয়েলতন ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে পাঠালে ব্যবধান দাঁড়ায় ৪-১।বাকি সময়টা কেবল আনুষ্ঠানিকতা।তবে মাঠে ঘটে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা।মোহামেডান সমর্থকরা একাধিকবার স্মোক ফ্লেয়ার ও পানির বোতল ছুড়ে খেলায় বিঘ্ন ঘটান।ম্যাচ কয়েক মিনিট বন্ধও থাকে।তবুও শেষ বাঁশি বাজার আগেই বসুন্ধরা কিংস নিশ্চিত করে তাদের জয়।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠে শুরু হয় উল্লাস।ফুটবলাররা দৌড়ে যান সমর্থকদের দিকে,জার্সি উঁচিয়ে ধরে জানান দেন শিরোপা তাদের হাতেই থাকবে।বসুন্ধরা কিংস কোচ মারিও গোমেসের জন্য এটি ছিল ক্লাবটির ডাগআউটে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ,প্রথম ম্যাচেই শিরোপা জয় তার কাছে যেনো স্বপ্নপূরণের মতো।৬৮ বছর বয়সী আর্জেন্টাইন কোচ ম্যাচ শেষে বলেন,ছেলেরা অসাধারণ খেলেছে।১০ জন নিয়েও তারা ১১ জনের দলের মতো লড়াই করেছে,এটাই এই দলের মানসিক শক্তি।এই জয় নতুন মৌসুমে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।
দোরিয়েলতন গোমেজ যিনি একাই দুই গোল করে ম্যাচের নায়ক,তিনি কৃতিত্ব দিলেন পুরো দলকে।তার ভাষায়,এটা আমার নয়,এটা আমাদের দলের জয়।সবার প্রচেষ্টা মিলেই ট্রফিটা এসেছে।ইমানুয়েল সানডেও আবেগ লুকাতে পারলেন না।প্রাক্তন ক্লাবের বিপক্ষে গোল করে বললেন,এটাই ফুটবল।এখন আমি বসুন্ধরা কিংসের খেলোয়াড়,আমাকে এই ক্লাবের জন্য লড়তে হবে।
এই জয়ে দ্বিতীয়বারের মতো চ্যালেঞ্জ কাপ শিরোপা ধরে রাখল বসুন্ধরা কিংস।প্রথম আসরে তারা এই ট্রফি জিতেছিল গত মৌসুমে,এবারও সেই ইতিহাস ধরে রাখল আরও শানিত আকারে।কুমিল্লার রাত সাক্ষী থাকল বসুন্ধরা কিংসের উল্লাসে,সাক্ষী থাকল নতুন মৌসুমের প্রথম ট্রফি জয়ের রোমাঞ্চে।সমর্থকদের গলা ফাটানো উল্লাসে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম যেনো রূপ নিল লাল-সাদা উৎসবের নগরীতে।