20/08/2024
বাংলাদেশ থেকে সরল মহিলাদের টি২০ বিশ্বকাপ, নতুন দেশের নাম জানাল আইসিসি।
বিশ্বকাপ আয়োজিত হবে কি না তা নিয়ে সংশয় ছিল। অন্য কোন দেশে প্রতিযোগিতা করা যায়, তা নিয়ে আলোচনা চালাচ্ছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। অবশেষে বাংলাদেশ থেকে সরে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি জানিয়েছে, সংযুক্তি আরব আমিরাতে হবে প্রতিযোগিতা।
৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমে বাংলাদেশে সেই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। গত মাসে বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেন। দেশ ছাড়েন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনও দেশ ছাড়েন। এই পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডও জানিয়ে দেয়, বিশ্বকাপ অন্য দেশে সরালে তাদের কোনও আপত্তি নেই। তার পরেই সিদ্ধান্ত নেয় আইসিসি। আমিরাতে দু’টি মাঠ দুবাই ও শারজাতে হবে এ বারের বিশ্বকাপ।
আইসিসির চিফ এগজিকিউটিভ জিওফ অ্যালারডিস একটি বিবৃতিতে বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল। কিন্তু তা হচ্ছে না। এটা লজ্জার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে। কোনও আপত্তি জানায়নি। ওদের ধন্যবাদ। আশা করছি খুব তাড়াতাড়ি বাংলাদেশে কোনও আইসিসি প্রতিযোগিতা আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত। ওদের ধন্যবাদ। বিশ্বকাপ আয়োজন করতে চেয়ে শ্রীলঙ্কা ও জ়িম্বাবোয়ে আগ্রহ দেখিয়েছিল। ওদেরও ধন্যবাদ।”
গত কয়েক বছরে যখনই কোনও দেশে কোনও প্রতিযোগিতা আয়োজন করা যায়নি, তখনই এগিয়ে এসেছে আমিরাত।