05/09/2022
মহসিন ক্লাবের সূচনা ১৯৪৩ সালে। নারায়ণগঞ্জের ভাষাসৈনিক শফি হোসেন খান সাহেবের উদ্যোগে কিছু কৃতী সন্তানদের হাত ধরে জন্ম হয়েছিল মহসিন ক্লাবের। ১৯৪৬ সালে ক্লাবটির পরিচালনার নেতৃত্বে আসেন নারায়ণগঞ্জের সম্ভ্রান্ত ব্যাবসায়ী জনাব আজিম উদ্দিন ভূঁইয়া যিনি ছিলেন এই ক্লাবের আজীবন সভাপতি। মহসিন ক্লাবের সোনালী অতীতজুড়ে আছে অগণিত স্বনামধন্য ক্রীড়াব্যাক্তিত্ব গড়ে তোলার ইতিহাস। আতিকুজ্জামান খান জাকির, সম্রাট হোসেন এমিলি, শহিদ হোসেন স্বপন, জাহাঙ্গীর কবির পোকন, মোঃ কাজল হোসেন এবং আসাদুজ্জামান খান রিংকু এর মতো খেলোয়াড় তৈরী করেছে মহসিন ক্লাব যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলকে নেতৃত্ব দিয়েছেন।
৭৯ বছর পর ৩ সেপ্টেম্বর, ২০২২ সালে আজিম উদ্দিন ভূঁইয়া পৌত্র জনাব রিয়াজ উদ্দিন আল মামুন সাহেবের উদ্যোগে মহসিন ক্লাব আবির্ভুত হলো নতুন রূপে । তিনি নিজেও ছিলেন উক্ত ক্লাবের কৃতী খেলোয়াড়। ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন ব্যাক্তিজীবনের সফলতার পিছনে ক্রীড়া আদর্শকে অন্যতম অবদান মনে করেন। তিনি বলেন "ক্রীড়া শেখাতে পারে পরাজয়ের পর কীভাবে বিজিতকে আলিঙ্গন করতে হয়। আবার কীভাবে মাঠে নামতে হয় জয়ের জন্য।" তিনি আরো বলেন " এখান থেকে আমার পাওয়ার কিছু নেই। আমি যা পেয়েছি আমার শৈশবে, তাই ফিরিয়া দিয়ে ঋণ শোধ করছি।" উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মোহাম্মদ আসলাম, জাতীয় দলের সাবেক ফুটবলার বলেন " মামুন ভাই একটা উদাহরণ তৈরি করেছেন। সবাই দেখুন, ব্যক্তিগত উদ্যোগে কীভাবে একটা সমাজ বদলের প্রচেষ্টা চালানো যায়।"
নারায়ণগঞ্জের ক্রীড়া চর্চাকে নবজাগরণের লক্ষ্যে ইপিলিয়ন ফাউন্ডেশন গড়ে তুলেছে সর্বাধুনিক ক্লাব কমপ্লেক্স এবং খেলার মাঠ। শিশুকিশোর থেকে শুরু করে খানপুর এলাকার বয়োজ্যেষ্ঠ সকলের প্রাণকেন্দ্র হয়ে উঠবে এই ক্লাব। ইনডোর গেম , পাঠাগার, ব্যায়ামাগার সহ নারায়ণগজের ক্রীড়াঙ্গনের আর্কাইভ দিয়ে সাজানো এই ক্লাবটি প্রশিক্ষণ দিবে ফুটবল , ক্রিকেট , দাবা, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন। স্বর্ণালী অতীতের গৌরব ধারণকরে খেলাধুলা, শরীরচর্চা , সংস্কৃতিচর্চা, এবং মননশীলতার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলাই হবে মহসিন ক্লাবের উদ্দেশ্য ।
#মহসিন_ক্লাব