25/02/2020
কথাবার্তা আর আচার আচরণে যথেষ্ট মার্জিত, ভদ্র। সুঠাম দেহ আর মনভোলানো হাসিটাতে বেশ শান্ত! দেখতে সুপুরুষ আর আকর্ষণীয় ! আর তাইতো নামটাও সৌম্য! সৌম্য সরকার।
ধূমকেতুর মতোই তার আগমন বাংলাদেশের ক্রিকেটে। জাতীয় দলে যে কয়েকজন পাওয়ার হিটিং ব্যাটসম্যান আছেন সৌম্য সরকার তাদের মাঝে অন্যতম একজন৷
১ ডিসেম্বর ২০১৪ তে জাতীয় দলে অভিষেক হওয়া সৌম্য ব্যাক্তিগত জীবনে যতটা শান্ত ক্রিকেট মাঠে নামলে ঠিক ততটাই অশান্ত। বোলারদের পিটিয়ে ছাতু বানাতে সিদ্ধহস্ত। ক্রিকেট ব্যাটটাকে তলোয়ার বানিয়ে বোলারদের ওপর শাসন চালান তিনি।
সেই স্কুল ক্রিকেট থেকে শুরু করে, অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ ২০১০ অতঃপর ২০১২ থেকে আজ জাতীয় দলের জার্সি গায়ে দীর্ঘ ৫ বছর যাবত সার্ভিস দিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটকে।
অবশ্য ক্যারিয়ারে উত্থান - পতন দুটোই দেখতে হয়েছে সৌম্যকে। ক্যারিয়ারের শুরুটা দুর্দান্তভাবে হলেও সময়ের সাথে সাথে নিজেকে হারিয়ে ফেলেন এই ওপেনার অলরাউন্ডার। প্রশংসা যেমন পেয়েছেন, হয়েছেন সমালোচনায় জর্জরিত। তবে, নিজেকে ফিরে পাওয়ার লড়াই থেকে পিছু না হটে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনবরত, অবিরাম। সাধনার ফল আসতে শুরু করলেও তা সৌম্যর সৌম্য নয় ; তার থেকে আরও বেশী চায় বাংলার ক্রিকেট।
এদিকে, এবার বাইগজের ইনিংসের পাশাপাশি শুরু করতে যাচ্ছেন জীবনের আরও একটি ইনিংস। চলতি মাসেই বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। আগামী ২৮ তারিখ বিয়ের দিন ধার্য করা হয়েছে।
তবে, বিয়ের শুভ দিনের আগে আরও একটি শুভ দিন চলে এসেছে সৌম্যের দোরগোড়ায়! আজ ২৫ ফেব্রুয়ারী সৌম্যের জীবনের ২৭ তম বসন্ত নিয়ে এসেছে। ১৯৯৩ সালের আজকের এইদিনে খুলনার সাতক্ষিরায় জজন্মগ্রহণ করেন সৌম্য!
শুভ জন্মদিন সৌম্য...
দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা।
Md Saiful Islam