28/09/2025
"তুমি মানুষটা এতো সুন্দর!"
"কি সুন্দর করে নামাজ পড়ো!"
"তোমার কাজ দেখলে মনটা জুড়িয়ে যায়।"
"তুমি এতো মেধাবী মাশাআল্লাহ, তোমার মতো মেধাবী খুব কমই হয়।"
এই জাতীয় প্রশংসাগুলো শুনতে আমাদের কারই না ভালো লাগে, তাই না? নিজের গুণগান কমবেশি সব মানুষই পছন্দ করে। কিন্তু একজন মুমিনের পছন্দ অপছন্দের মাপকাঠি হবে আলাদা। কোনো কিছু পছন্দ করার আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে এটা আমার রবের পক্ষ থেকে অনুমোদিত কি না, আমার নবীজি ﷺ এটা পছন্দ করেছেন কি না। এখন এই যে সামনাসামনি কারোর প্রশংসা করাটা আমরা পছন্দ করি এটাকে কি আমার রাসুলও ﷺ পছন্দ করেছেন?
উত্তর হচ্ছে, না। একেবারেই না! এমনকি রাসুলুল্লাহ ﷺ কারোর সম্মুখে প্রশংসা করাকে তাকে জ* বাই করার সমতুল্য বলেছেন! যে এইভাবে সম্মুখে প্রশংসা করবে তার মুখে মাটি ছুড়ে মারতে বলেছেন! বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন এই সংক্রান্ত হাদিসটা একটু চোখ বুলিয়ে নিই ইনশাআল্লাহ—
মু’আবিয়া (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
আমি রাসূলﷺ কে বলতে শুনেছি যে, তিনি বলেন:
إِيَّاكُمْ وَالتَّمَادُحَ فَإِنَّهُ الذَّبْحُ
‘‘তোমরা একে অপরের প্রশংসা করা থেকে দূরে থাকো। কারণ, সম্মুখ প্রশংসা হচ্ছে কাউকে জবাই করার শামিল’’[১]
আবু বাক্রাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
জনৈক ব্যক্তি নবীজির ﷺ সম্মুখে অন্যজনের প্রশংসা করছিলো। তখন নবীজি ﷺ প্রশংসাকারীকে উদ্দেশ্য করে বলেন:
وَيْحَكَ! قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ ، قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ مِرَاراً ، إِذَا كَانَ أَحَدُكُمْ مَادِحاً صَاحِبَهُ لاَ مَحَالَةَ ، فَلْيَقُلْ: أَحْسِبُ فُلاَناً ، وَاللهُ حَسِيْبُهُ ، وَلاَ أُزَكِّيْ عَلَى اللهِ أَحَداً ، أَحْسِبُهُ ، إِنْ كَانَ يَعْلَمُ ذَلِكَ كَذَا وَكَذَا
‘‘তুমি ধ্বংস হও! তুমি ওর ঘাড় ভেঙ্গে দিয়েছো। তুমি ওর ঘাড় ভেঙ্গে দিয়েছো। এ কথা রাসূল ﷺ কয়েকবার বলেছেন। তবে যদি তোমাদের কেউ অবশ্যই কারোর প্রশংসা করতে চায় তাহলে সে যেন বলে, আমি ধারণা করছি, তবে আল্লাহ তা’আলাই ভালো জানেন। আমি তাঁর উপর কারোর পবিত্রতা বর্ণনা করতে চাই না। আমি ধারণা করছি, সে এমন এমন। সে ঐ ব্যক্তির ব্যাপারে ততটুকুই বলবে যা সে তার ব্যাপারে ভালোভাবেই জানে’’[২]
এমনকি রাসূল (সা.) কাউকে কারোর সম্মুখে প্রশংসা করতে দেখলে তার চেহারায় মাটি ছুঁড়ে মারতে নির্দেশ দিয়েছেন!
হাম্মাম (রাহিমাহুল্লাহ্) থেকে বর্ণিত তিনি বলেন:
একদা জনৈক ব্যক্তি ’উসমান (রা.) এর সম্মুখে তাঁর প্রশংসা করলে মিক্বদাদ (রা.) তার চেহারায় মাটি ছুঁড়ে মারেন এবং বলেন:
রাসূল ﷺ ইরশাদ করেন:
إِذَا رَأَيْتُمُ الْـمَدَّاحِيْنَ فَاحْثُوْا فِيْ وُجُوْهِهِمُ التُّرَابَ
‘‘যখন তোমরা প্রশংসাকারীদেরকে দেখবে তখন তোমরা তাদের মুখে মাটি ছুঁড়ে মারবে’’[৩]
আচ্ছা তাহলে এর মানে কি এই যে আমরা সবার সাথে কড়া কড়া কথা বলবো? উঁহু, এমন না। যদি আমাদের কারোর গুণ ভালো লাগে তাহলে আমরা তার জন্য দুআ করবো, প্রশংসা নয়। আবার দেখা যায় সামনাসামনি প্রশংসা না করে তার অগোচরে প্রশংসা করতে গেলাম পাশ থেকে একজন আবার তার বা অন্য কারোর গীবত শুরু করে দিল। সেও আরেক বিপত্তি।
রাসূল (সা.) কারোর সম্মুখে তার ভূয়সী প্রশংসা করতে এজন্যই নিষেধ করেছেন যেন তার প্রশংসায় কোনো রকম অমূলক বাড়াবাড়ি করা না হয় এবং সেও ব্যক্তিগতভাবে নিজ আত্মঅহমিকা থেকে বেঁচে থাকতে পারে। আবার বদনজরের আশঙ্কাও তো উড়িয়ে দেওয়া যায় না।
তাই এখন থেকে কারোর সম্মুখে প্রশংসা করার আগে সতর্ক থাকবো তো বোনেরা, তাই না?
________
তথ্যসূত্র:
১.(ইবনু মাজাহ্, হাদীস ৩৮১১)
২.(বুখারী, হাদীস ২৬৬২, ৬০৬১ মুসলিম, হাদীস ৩০০০ আবু দাউদ, হাদীস ৪৮০৫ ইবনু মাজাহ্, হাদীস ৩৮১২)
৩.(মুসলিম, হাদীস ৩০০২ আবু দাউদ, হাদীস ৪৮০৪ ইবনু মাজাহ্, হাদীস ৩৮১০)
_______________________
|| সম্মুখে প্রশংসা নয় ||
জিলফাত ফারহা
নাহজ-Nahj