25/09/2025
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন একটা দিন এসেছিল, যেটা হয়তো আমরা কেউই চাইনি এত তাড়াতাড়ি দেখতে। সেই নামটা, যাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটের কল্পনা করাটাই যেন অসম্পূর্ণ মনে হয় সাকিব আল হাসান। আজ থেকে এক বছর আগে তিনি অবসর নেন টি-টোয়েন্টি থেকে, তার অভাব আজও স্পষ্ট। স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। সেই ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ, কাঁচা বয়সের ছেলেটা কেমন আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতো! সেই আত্মবিশ্বাসই আজ কোটি কোটি ভক্তকে শিখিয়েছে বাংলাদেশও পারে, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে জানে।
সাকিব শুধু একজন ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন অনুপ্রেরণা, সাহস আর আত্মবিশ্বাসের অন্য নাম। ব্যাট হাতে যখন নামতেন, তখন আমরা ভাবতাম আজ হয়তো ম্যাচটা একাই জিতিয়ে দেবে। বল হাতে যখন বোলিংয়ে আসতেন, তখনই আশার আলো জ্বলত উইকেট আসবেই। ফিল্ডিংয়ে তার এনার্জি, মাঠে তার আগ্রাসন, প্রতিপক্ষকে চেপে ধরার মনোভাব সব কিছু মিলিয়ে তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় যোদ্ধা।
সমালোচনা? সাকিব আল হাসান আর সমালোচনা এই দুটো যেন সমান্তরাল পথ। যত সমালোচনা, যত চাপই আসুক, মাঠে তিনি সবসময় উত্তর দিয়েছেন পারফরম্যান্স দিয়ে। হয়তো এ কারণেই তিনি আমাদের সবার কাছে এক অন্যরকম আইকন। মানুষ ভুলতে পারে, কিন্তু ইতিহাস কোনোদিন ভুলবে না সাকিব আল হাসান ছিলেন ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার, ছিলেন আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে বছরের পর বছর। আজ যখন তিনি নেই, মনে হচ্ছে পুরো বাংলাদেশ দল যেন একটা শূন্যতার মধ্যে ঢুকে গেছে। এই শূন্যতা শুধু পারফরম্যান্সের নয়, এই শূন্যতা আবেগের, বিশ্বাসের। আমরা জানতাম, যত খারাপ পরিস্থিতিই হোক, দলে যদি সাকিব আল হাসান থাকে তাহলে এখনো আশার আলো আছে। সেই আশার প্রদীপটা সেদিন নিভে গিয়েছিল। সাকিব আল হাসান শুধু মাঠের নায়ক ছিলেন না, তিনি ছিলেন কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন। হয়তো কখনো হাসি দিয়েছেন, কখনো রাগ দেখিয়েছেন, আবার কখনো আমাদের কাঁদিয়েছেন। কিন্তু শেষে সবকিছু মিলিয়েই তিনি হয়েছেন আমাদের গর্ব লাল-সবুজের পতাকার গর্ব।
সেদিন আমরা বিদায় বলেছি, কিন্তু ভেতরে ভেতরে জানি সাকিব আল হাসানের মতো কিংবদন্তি আসলে কখনো বিদায় নেন না। তিনি থাকবেন প্রতিটি ক্রিকেটপ্রেমীর মনে, প্রতিটি শিশুর স্বপ্নে, প্রতিটি ম্যাচের গল্পে।
ধন্যবাদ প্রিয় সাকিব আল হাসান, আমাদের স্বপ্ন দেখানোর জন্য, লড়াই শিখিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য। আপনি কেবল একজন ক্রিকেটার নন, আপনি আমাদের প্রজন্মের পর প্রজন্মের গর্ব, আমাদের হৃদয়ের চিরন্তন নায়ক।
আজ চোখ ভিজে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে, তবুও বলতেই হয় বিদায় কিংবদন্তি। ভালো থাকুন, যেখানেই থাকুন। ক্রিকেট আপনাকে কখনো ভুলবে না। বাংলাদেশ আপনাকে কখনো ভুলবে না, আপনার সাকিবিয়ান'রা আপনা'কে ভুলবে না নবাব..! 😓🙏🏻