10/06/2025
🇸🇬সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হতে পারে 🇧🇩বাংলাদেশের একাদশ?
সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে শেষ মুহূর্তের কৌশল নির্ধারণে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হাভিয়ের কাবরেরার অধীনে সাড়ে তিন বছর ধরে খেলছে লাল–সবুজের যোদ্ধারা। এই স্প্যানিশ কোচের পছন্দের ফর্মেশন ৪-৩-১-২ হলেও ইদানীং দেখা যাচ্ছে কিছু কৌশলগত পরিবর্তন—যার ফলেও মিলছে সাফল্য।
সর্বশেষ ভুটানের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে জয় পাওয়া প্রীতি ম্যাচে কাবরেরা ব্যবহার করেন ৪-২-৩-১ ফর্মেশন, যেখানে মাঝমাঠ সামলানোর দায়িত্ব ছিল দুই ডিফেন্সিভ মিডফিল্ডারের ওপর। আক্রমণভাগে একজন নাম্বার নাইন এবং তার পেছনে তিনজন অ্যাটাকিং খেলোয়াড়। ভারতের বিপক্ষেও এই ফর্মেশনেই খেলেন তিনি। আজ সিঙ্গাপুরের বিপক্ষে সেই একই ছকে দল সাজাতে পারেন এই স্প্যানিশ কোচ।
আক্রমণভাগের নাম্বার নাইন পজিশনে দেখা যেতে পারে বসুন্ধরা কিংসের রাকিব হোসেনকে। তার দুই পাশে উইংয়ে দেখা যেতে পারে ফাহমিদুল ইসলাম এবং শাহ কাজেম অথবা ফয়সাল আহমেদ ফাহিমকে। মাঝমাঠে মধুর বিড়ম্বনায় পড়েছেন কোচ, কারণ নতুন সংযুক্ত হওয়া শমিত সোম ভালোই ছাপ ফেলেছেন। ভুটান ম্যাচে সোহেল রানা ও জামাল ভূঁইয়ার সঙ্গে খেলেছিলেন হামজা চৌধুরী। শমিত আসায় হয়তো সোহেলকে বসিয়ে শমিতকে খেলানো হতে পারে, এমনকি জামালের জায়গাতেও পরিবর্তন আসতে পারে।
গোলপোস্টে থাকছেন নির্ভরযোগ্য মিতুল মারমা। সেন্টার ব্যাকে অভিজ্ঞ তপু বর্মণ ও তারিক কাজী। ডান এবং বাম পাশে দেখা যেতে পারে সাদ উদ্দিন ও শাকিল আহাদ তপুকে। ভারতের বিপক্ষেও ডান প্রান্তে ছিলেন শাকিল। কোচ কাবরেরা এখনো ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না করলেও আজ মাঠে নামার আগে প্রাথমিক দল থেকে ৩ জন ছেঁটে চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার দলের পয়েন্টই এখন সমান—১ করে। আজ বাংলাদেশ জিতলে গ্রুপ শীর্ষে ওঠার সম্ভাবনা জোরালো হবে। সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর।
এখন পর্যন্ত স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দুইবার দেখা হয়েছে বাংলাদেশের, একবার ড্র, আরেকবার হেরেছে তারা। সর্বশেষ ২০১৫ সালের ৩০ মে ২-১ গোলে হারে জামাল ভূঁইয়ারা।
আজ সিঙ্গাপুরের বিপক্ষে কেমন ফলাফল প্রত্যাশা করেন? জামালরা কি জিততে পারবে?
📋 সম্ভাব্য একাদশ (বাংলাদেশ):
মিতুল মারমা (GK), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া/সোহেল রানা, ফাহমিদুল ইসলাম, শাহ কাজেম/ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।
#শমিত_সোম #হামজা_চৌধুরী #বাংলাদেশ_বনাম_সিঙ্গাপুর #জামাল_ভূঁইয়া #কাবরেরা