15/12/2018
মানিকগঞ্জ শহীদ আলী-ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত:
মানিকগঞ্জে শহীদ আলী-ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে বিকেল ৪টায় শুরু হওয়া এ ম্যাচে সাভার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৬-২ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেয় স্বাগতিক দল মানিকগঞ্জ শহীদ আলী-ইসমাইল স্মৃতি স্পোর্টস ক্লাব।.
এর আগে ম্যাচের উদ্বোধন করেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের এমাম এবং সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী সোসাইটির জাতীয় কমিটির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সেলিম। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি ও জেটিভি অনলাইনের চেয়ারম্যান এবং হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, জেলার এম.এ.রউফ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান, হেযবুত তওহীদের ক্রীড়া সম্পাদক মোফাজ্জল হোসাইন সর্দার প্রমুখ।.
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মানিকগঞ্জ শহীদ আলী-ইসমাইল স্মৃতি স্পোর্টস ক্লাবের পক্ষে সর্বোচ্চ তিনটি গোল করেন মো. শাকিব, এছাড়াও একটি করে গোল পান রানা, আবু তাহের ও শের আলী। ম্যান অব দ্যা ম্যাচ হন স্বাগতিক দলের স্ট্রাইকার সর্বোচ্চ গোলদাতা মো. শাকিব।.
অনুষ্ঠানের উদ্বোধনকালে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আজ যেভাবে আমাদের তরুণ সমাজ জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের দিকে ধাবিত হচ্ছে তা থেকে তরুণ সমাজকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নাই। একটি সুষ্ঠু, সমৃদ্ধ জাতি গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় খেলাধুলার নামে আজ এক ধরণের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশের যে বিশাল জনগোষ্ঠী আছে তাদেরকে যদি সঠিক পরির্চযা ও প্রশিক্ষণ দেয়া যায় তবে খেলাধুলায় আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো। শ্রেষ্ঠ জাতি গঠনে দরকার সুস্থ-সবল নাগরিক। আর সুস্থ সবল নাগরিক গঠনে খেলাধুলা অগ্রণী ভূমিকা পালন করে।.
মানিকগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা তার বক্তব্যে বলেন, আমাদের যুবসমাজকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইত্যাদি থেকে দূরে রাখতে খেলাধুলা হতে পারে অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমেই আমরা হয়ে উঠতে পারি একটি স্বাস্থ্যবান, সুখী, সমৃদ্ধ জাতি। মানবতার কল্যাণে নিবেদিত হেযবুত তওহীদের পক্ষ থেকে খেলাধুলার যে উদ্যোগ নেয়া হয়েছে তা নিঃসন্দেহে প্রসংশার দাবিদার। তাদের এ উদ্যোগ ও আজকের অনুষ্ঠানের আয়োজনে আমি অত্যন্ত আনন্দিত ও পুলকিত। দেশ ও জাতির কল্যাণে হেযবুত তওহীদের নেয়া এ ধরণের সকল উদ্যোগে তার সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দেন এ রাজনীতিবীদ।