18/03/2020
বিশ্বব্যাপি কোভিড-১৯ বা করোনা ভাইরাসের রোগের কথা আমরা সবাই কম-বেশি সবাই জানি। বাংলাদেশেও রোগ আস্তে আস্তে দেখা দিচ্ছে।
Covid-19 বা করোনা ভাইরাস রোগ কি?
এটি একটি সংক্রামক রোগ। করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এই রোগটি হয়। আক্রান্ত ব্যক্তির মুখের লালা বা হাঁচি-কাশির মাধ্যমে এই রোগের সংক্রমণ হয়। সরাসরি আক্রান্ত ব্যক্তির সংস্পর্ষে না এসেও যদি আক্রান্ত ব্যক্তির থেকে ভাইরাস যেকোনো বস্তুর উপর থাকলে সেই বস্তুর সংস্পর্শে একজন সুস্থ মানুষ আসলেও রোগটি সংক্রমণ হতে পারে। সাধারণত একজন অল্প বয়স্ক সুস্থ মানুষের এই রোগটি থেকে কমপ্লিকেশন হয় না। কিন্তু বয়স্ক মানুষের এবং কারও যদি অন্য কোনো রোগ যেমন হৃদরোগ, ডায়বেটিস, শ্বাসকষ্টজনিত সমস্যা ইত্যাদি থাকলে রোগটি ভয়াবহ আকার ধারণ করতে পারে।
প্রতিরোধ:
এই পরিস্থিতিতে WHO(বিশ্ব স্বাস্থ্য সংস্থা), যুক্তরাষ্ট্রের CDC( Center for Disease Prevention and Control) এবং আমাদের দেশের IEDCR (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট) এর দেওয়া সাজেশনের আলোকে করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের কি কি বিষয়ে সচেতন হতে হবে তা দেওয়া হলো-
(১) বার বার ভাল করে হাত ধুতে হবে।
অর্থাৎ যখনই হাঁচি-কাশির পরে বা আপনি বাইরের যে কোনো কিছু ধরার পরে হাত ধুতেই হবে। হতে পারে সেটা দরজার হাতল, লিফট বাটন, হতে পারে সাইকেলের হ্যান্ডেলবার,বা রিকশা, বাস, গাড়ির কোনো অংশ, যেকোনো কিছুই যখনই ধরবেন, যত দ্রুত সম্ভব হাত পরিষ্কার করতেই হবে। হতে পারে আপনার আগে সেই বস্তুটি একজন রোগাক্রান্ত ব্যক্তি ধরেছে।
কতক্ষণ ধুবেন?
সাবান-পানি দিয়ে ৪০-৬০ সেকেন্ড এবং এলকোহল-বেইজড হ্যান্ড রাব/স্যানিটাইজার দিয়ে ২০-৩০ সেকেন্ড হাত পরিষ্কার করতে হবে।
ময়লা যদি দৃশ্যমান হয় তবে অবশ্যই সাবান-পানি দিয়ে ধুতে হবে।
(২) হাঁচি-কাশির সময় মুখ অবশ্যই ঢেকে নিবেন। টিস্যু পেপার দিয়ে মুখ ঢেকে হাঁচি বা কাশি দিলে ব্যবহৃত টিস্যুটি অবশ্যই ঢাকনাওয়ালা ময়লা ফেলার ডাস্টবিনে ফেলবেন। যেখানে সেখানে ব্যবহৃত টিস্যু ফেললে সেখান রোগ-জীবানু ছড়ায়। টিস্যু বা রুমাল দিয়ে মুখ ঢাকা সম্ভব না হলে শার্ট বা লম্বাহাতার জামা পড়া থাকলে কনুইয়ের অংশ দিয়ে মুখ ঢেকে নিবেন।
(৩) চোখ, মুখ, নাকে স্পর্শ করা থেকে বিরত থাকুন। চোখ,মুখ,নাকের মাধ্যমে যেন এই ভাইরাস আপনার দেহের ভিতরে গিয়ে সংক্রমণ না করতে পারে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে।
(৪) যেখানে সেখানে থুথু-কফ ফেলবেন না। আপনার এমন অসভ্য আচরণ থেকে ভাইরাস ছড়াতে পারে। রোগ সংক্রমণ হতে পারে। এমনকি মহামারিও হতে পারে।
(৫) অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরি করবেন না এবং জনসমাগম এড়িয়ে চলুন। covid-19 একটি সংক্রামক রোগ। যখনই আপনি অন্য কোনো মানুষের সংস্পর্শে আসছেন তখনই ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এবং এভাবেই শুরু হতে পারে মহামারি।
গ্রুপ রাইড বা সাইক্লিং করার বা ঘুরাঘুরি করার অনেক সময় পাবেন জীবনে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়ার সময় এটা না। নিজের, নিজ পরিবারের, সমাজের সুস্থতার জন্য কিছুদিন ঘুরাঘুরি করা, বেড়ানো থেকে বিরত থাকুন। মনে রাখবেন যেহেতু Covid-19 একটি সংক্রামক রোগ, সেহেতু আপনার থেকে রোগটি আপনার পরিবারের বা নিকটজনে যে কারও হতে পারে। বয়ষ্ক বা অসুস্থ ব্যক্তির জন্য এই রোগটি জীবননাশক হতে পারে।
(৬) বিশেষ প্রয়োজনে বাইরে গেলে বাইরে থেকে এসে কোথাও না বসে আগে পরিধানকৃত জামা-কাপড় বদলাবেন এবং ভাল করে হাত-মুখ ধুয়ে নিবেন।
(৭) কারো সাথে দেখা করার সময় অবশ্যই ১.৮ মিটার বা ৬ ফুট দূরত্ব বজায় রাখবেন, বিশেষ করে যদি সেই ব্যক্তি অসুস্থ হয়।
(৮) একে অপরের সাথে হ্যান্ডশেইক বা করমর্দন থেকে বিরত থাকুন। ভুলে যাবেন না কন্টাক্টের মাধ্যমে এই রোগ ছড়ায়।
(৯) নিত্য ব্যবহার্য বস্তুগুলো যেমন ফোন, টেবিলের উপরিভাগ, দরজা-জানালার হাতল, চাবির রিং, সাইকেলের হ্যান্ডেলবার ইত্যাদি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখবেন।
(১০) মনে রাখবেন মাস্ক রোগাক্রান্ত ব্যক্তির জন্য। রোগাক্রান্ত ব্যক্তির মাধ্যমে যেন রোগ না ছড়ায় সে জন্য মাস্ক ব্যবহার করা অপরিহার্য। ঠান্ডা লাগলে বা সর্দি,হাঁচি,কাশি হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। রোগাক্রান্ত ব্যক্তির চিকিৎসায় নিয়োজিত ব্যক্তিও মাস্ক ব্যবহার করতে হবে। সুস্থ মানুষের মাস্ক ব্যবহার অত্যাবশ্যকীয় না।
(১১) ভাল করে রান্না করা খাবার খাবেন। পুষ্টিকর খাবার খাবেন। কাঁচা বা আধকাঁচা খাবার খাবেন না। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামও জরুরি।
কোনো প্রকার গুজবে কান দিবেন না। নিজে কোনো তথ্য সম্পর্কে শিওর না হয়ে অন্যকে জানাবেন না এবং গুজব ছড়াবেন না।
মনে রাখবেন সচেতনতাই পারে আমাদেরকে করোনা ভাইরাসের রোগ থেকে সুস্থ রাখতে।
নিজের বা পরিচিতজনের অসুস্থতায় আতংকিত না হয়ে ডাক্তারের শরণাপন্ন হন।
জরুরী প্রয়োজনে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই যোগাযোগ করবেন-
IEDCR Hotline, মহাখালী, ঢাকা।
01937000011
01937110011
01927711784
01927711785
সুস্থ থাকুন। সাবধানে থাকুন।