22/08/2026
অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে পারবে বাংলাদেশ?
অস্ট্রেলিয়ার ডারউইনে ইতিহাস গড়ার পর বাংলাদেশের সামনে এবার ম্যাকাইয়ে সিরিজ জয়ের মিশন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ব্যাটিংয়েই বড় চাপ তৈরি করতে চান কোচ ফিল সিমন্স। প্রথম ইনিংসে বড় রান করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়াই তার পরিকল্পনার অন্যতম অংশ।
ডারউনে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টাইগারদের এবারের লক্ষ্য ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেওয়া। প্রথম টেস্টের সাফল্য আত্মবিশ্বাস বাড়ালেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া আরও শক্তভাবে ফিরবে এমনটাই মনে করছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তাই তার পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে দীর্ঘ সময় ব্যাটিং করে প্রতিপক্ষকে চাপে রাখা।
কোচ সিমন্সের লক্ষ্য, প্রথম ইনিংসে অন্তত ১১০ ওভার ব্যাট করা এবং বড় স্কোর গড়া। তার মতে, বাংলাদেশ যদি দীর্ঘ সময় ব্যাট করতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার ওপর স্বাভাবিকভাবেই চাপ তৈরি হবে। প্রথম ইনিংসে বড় রান তুলে প্রতিপক্ষকে সেই স্কোরে পৌঁছাতে কঠিন পরীক্ষার মুখে ফেলতে চান তিনি। আশার খবর হলো- চোট কাটিয়ে ফিট হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
এদিকে, বাংলাদেশ কোচ সিমন্স জানিয়েছেন, তিনি ম্যাকাইয়ের উইকেট নিয়েও আশাবাদী। তার মতে, উইকেটে কিছুটা ঘাস রয়েছে এবং এটি শক্ত ও ভালো টেস্ট উইকেট। ফলে, ব্যাটাররা সঠিকভাবে ব্যাট করতে পারলে রান করার সুযোগ পাবেন।
ডারউন থেকে ম্যাকাইয়ে দীর্ঘ ভ্রমণ ও ফ্লাইট বিলম্ব হওয়ায় কিছুটা ভোগান্তি হয়েছে দলের। তবে, এগুলো নিয়ে বেশি ভাবছেন না কোচ। তার কাছে কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-দল নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।