Sports pic and news

Sports pic and news Its a platform of authentic sports information published from Bangladesh. Efforts to develop sports news and photo archives in Bangladesh and around the world.

29/08/2026
29/08/2026
cricket
29/08/2026

cricket

ফিফাকে ঘুষ দিয়েছিলেন আর্জেন্টিনার দুই ব্যবসায়ী     স্পোর্টস ডেস্ক : ফিফার ইতিহাসের অন্যতম আলোচিত দুর্নীতি কান্ডে এবার ঘু...
29/08/2026

ফিফাকে ঘুষ দিয়েছিলেন আর্জেন্টিনার দুই ব্যবসায়ী

স্পোর্টস ডেস্ক : ফিফার ইতিহাসের অন্যতম আলোচিত দুর্নীতি কান্ডে এবার ঘুষ দেওয়ার অভিযোগ স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ব্যবসায়ী হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস। সম্পর্কে তারা বাবা-ছেলে। বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টের লাভজনক সম্প্রচার ও বিপণন স্বত্ব পাওয়ার জন্য আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের কোটি কোটি ডলার ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন তারা।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর পর এই স্বীকারোক্তি দেন বাবা-ছেলে। সমঝোতার ফলে তাদের বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগে বিচার কার্যক্রম আর এগোবে না। তবে এই চুক্তির অংশ হিসেবে তাদের ৫ কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হবে।
হুগো ও মারিয়ানো জিনকিস আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ফুল প্লে-এর সহ-মালিক। ২০১৫ সালে ফিফাকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া ব্যাপক দুর্নীতি তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ওই তদন্তে ফিফার পাশাপাশি উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবল পরিচালনাকারী সংস্থাগুলোর একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে।

কী ছিল অভিযোগ?

যুক্তরাষ্ট্রের আদালতে দাখিল করা নথি অনুযায়ী, জিনকিসরা এমন একটি পরিকল্পনা করেছিলেন যার মাধ্যমে ফিফা, কনকাকাফ ও কনমেবলকে প্রতারণা করা হয়েছিল। আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, জিনকিসরা ফুটবল কর্মকর্তাদের কয়েক কোটি ডলার বাণিজ্যিক ঘুষ দিয়েছিলেন। এর বিনিময়ে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতার লাভজনক সম্প্রচার ও বিপণন স্বত্ব পাওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সমর্থন আদায় করাই ছিল তাদের উদ্দেশ্য।
অর্থাৎ, ফুটবল মাঠের ফলাফল নয়- টেলিভিশন সম্প্রচার, বিজ্ঞাপন ও বিপণন থেকে বিপুল অর্থ আয়ের অধিকার নিজেদের হাতে নেওয়াই ছিল এই ঘুষ লেনদেনের মূল লক্ষ্য। আদালতের নথি অনুযায়ী, বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ এবং কোপা আমেরিকাসহ বিভিন্ন প্রতিযোগিতার মিডিয়া স্বত্ব পাওয়ার জন্য এই অর্থ দেওয়া হয়েছিল। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নেতৃত্বে ফিফার দুর্নীতি নিয়ে যে তদন্ত শুরু হয়, তা বিশ্ব ফুটবলকে নাড়িয়ে দিয়েছিল। তদন্তে ফিফা ও বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থার একাধিক প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। হুগো ও মারিয়ানো জিনকিসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ২০১৫ সালের সেই বিশাল তদন্তের পর। ওই তদন্ত ফিফা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবলের দুই গুরুত্বপূর্ণ মহাদেশীয় সংস্থা- কনকাকাফ ও কনমেবলকে গভীর সংকটে ফেলে। তদন্তের অংশ হিসেবে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। একের পর এক কর্মকর্তা গ্রেপ্তার হন। পরে বিভিন্ন মামলায় অনেকেই দোষ স্বীকার করেন অথবা বিচারে দোষী সাব্যস্ত হন।
জিনকিস বাবা-ছেলের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। তাদের মামলাটিও বিচারের দিকে এগোচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট (ডিপিএ) বা স্থগিত বিচার-সমঝোতায় পৌঁছেছেন।

কী এই সমঝোতা?

এই চুক্তির আওতায় জিনকিসদের বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে তারা তাদের অপরাধ স্বীকার করেছেন এবং ৫০ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করতে সম্মত হয়েছেন। আদালতের নথিতে বলা হয়েছে, জিনকিসরা এমন একটি পরিকল্পনা করেছিলেন ও বাস্তবায়ন করেছিলেন যার মাধ্যমে ফিফা, কনকাকাফ ও কনমেবল প্রতারিত হয়েছিল। এই সমঝোতার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা মামলাটির একটি গুরুত্বপূর্ণ অংশের নিষ্পত্তি হতে যাচ্ছে।

ফুল প্লের ভূমিকা
জিনকিস বাবা-ছেলে আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ফুল প্লের সহ-মালিক। লাতিন আমেরিকার ফুটবলের সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার ও বিপণন স্বত্ব নিয়ে তারা কাজ করত। ফুটবলের জনপ্রিয়তা যত বাড়ছে, টেলিভিশন সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্বের মূল্যও তত বাড়ছে। বিশ্বকাপ বাছাইপর্ব কিংবা কোপা আমেরিকার মতো প্রতিযোগিতার ম্যাচের স্বত্ব থেকে বিপুল অর্থ আয় করা সম্ভব। এই বিশাল বাণিজ্যিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে জিনকিসরা ফুটবল কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন বলে যুক্তরাষ্ট্রের তদন্তে উঠে আসে। ২০১৫ সালের ফিফা দুর্নীতিকান্ড ছিল বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম বড় প্রশাসনিক সংকট। দুর্নীতি, ঘুষ ও বাণিজ্যিক স্বত্ব বণ্টনকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসায় ফিফার শীর্ষ নেতৃত্ব প্রশ্নের মুখে পড়ে। যুক্তরাষ্ট্রের তদন্তে উঠে আসে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকারকে কেন্দ্র করে ঘুষের লেনদেন চলছিল। এই তদন্তের জের ধরে ফিফার বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে তাদের অনেকেই অপরাধ স্বীকার করেন বা আদালতে দোষী সাব্যস্ত হন। জিনকিসদের স্বীকারোক্তি সেই দীর্ঘ তদন্তেরই আরেকটি গুরুত্বপূর্ণ পরিণতি।

ঘুষের বিনিময়ে ফুটবলের বাণিজ্যিক অধিকার
এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- ঘুষের উদ্দেশ্য ছিল সরাসরি মাঠের কোনো ফলাফল প্রভাবিত করা নয়। বরং লক্ষ্য ছিল মিডিয়া ও বিপণন স্বত্ব। ফুটবলের বড় টুর্নামেন্টগুলোর সম্প্রচার অধিকার এখন শত শত কোটি ডলারের বৈশ্বিক ব্যবসার অংশ। সেই বাজারে একটি ম্যাচ বা প্রতিযোগিতার স্বত্ব পাওয়াও বিপুল অর্থনৈতিক সুবিধা এনে দিতে পারে। অভিযোগ অনুযায়ী, জিনকিসরা এই বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করতে ফুটবল কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। এর মাধ্যমে তারা নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রতিযোগিতায় অন্যদের তুলনায় অবৈধ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেন।

এক দশক পরও শেষ হয়নি সেই অধ্যায়

২০১৫ সালের সেই কেলেঙ্কারির এক দশক পর হুগো ও মারিয়ানো জিনকিসের স্বীকারোক্তি দেখিয়ে দিল, সেই দুর্নীতি কান্ডের আইনি অধ্যায় এখনো পুরোপুরি শেষ হয়নি। একদিকে বাবা-ছেলে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন, অন্যদিকে ৫০ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার বিষয়ে সম্মত হয়েছেন। বিনিময়ে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতারণার অভিযোগে আর বিচার হবে না। ফুটবলের মাঠে বিশ্বকাপ ও কোপা আমেরিকার লড়াই যতটা রোমাঞ্চকর, মাঠের বাইরে সেই টুর্নামেন্টগুলোর মিডিয়া ও বিপণন স্বত্ব ঘিরে অর্থের লড়াইও যে কতটা বড় এবং অন্ধকার হতে পারে, জিনকিসদের এই স্বীকারোক্তি তারই আরেকটি উদাহরণ।

29/08/2026

কিংসকে আরেক দফা সময় দিলো বাফুফে

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল লিগে অবনমিত হওয়া ফকিরেরপুল ইয়ংমেন্সকে লিগে খেলার সুযোগ দিয়েছে বাফুফে। তারাও ফিফা রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। দুটি নিষেধাজ্ঞা কাটানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সংশ্লিষ্ট দুই ফুটবলারের সঙ্গে তারা চুক্তি করেছে। তবে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধের ব্যাংক কপি এখনও ফেডারেশনের কাছে নেই। বসুন্ধরা কিংস প্রায় সপ্তাহ খানেক তাদের পাওনা পরিশোধ করেছে এবং ব্যাংকের কপি ফেডারেশনে দিয়ে অবহিত করেছে।
ঘরোয়া ফুটবলে দলবদলের বাজার বন্ধ হবে ৩ সেপ্টেম্বর। ফুটবলার নিবন্ধনের আগে ক্লাবগুলোকে লাইসেন্সিং করতে হয়। গতকাল ছিল ক্লাব লাইসেন্সিংয়ের শেষ দিন। এখন পর্যন্ত বসুন্ধরা কিংসের চারটি ও ফকিরেরপুল ইয়ংমেন্সের দুটি ফিফা নিষেধাজ্ঞা থাকায় তারা লাইসেন্সিং করতে পারেনি। বসুন্ধরা কিংস ফুটবলারদের প্রাপ্য বকেয়া শোধ করেছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হয়ে ফিফার নিষেধাজ্ঞা উঠতে আরও ২-৩ কর্মদিবস প্রয়োজন হতে পারে। বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলকে তাই বাফুফে আরও চার দিন বাড়িয়ে দিয়েছে ক্লাব লাইসেন্সিং করার জন্য। ১ সেপ্টেম্বরের মধ্যে তারা ক্লাব লাইসেন্স করতে পারবে। বাফুফের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাব লাইসেন্সিংয়ের সময় বাড়লেও ৩ সেপ্টেম্বরের পর দলবদলের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই।
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদল সম্পন্ন করছে। সংকটে থাকলেও তারা বিদেশি ফুটবলার দলে ভেড়াচ্ছে। ২০১৪ সালে নাইজেরিয়ার হয়ে ব্রাজিল বিশ্বকাপে খেলা ফুটবলারকে আবাহনী এবার দলে নিয়েছে। ৩ সেপ্টেম্বর দলবদল শেষে ঘরোয়া ফুটবল কবে নাগাদ মাঠে গড়াবে সেটা নিয়ে সংশয় রয়েছে। ১৮ সেপ্টেম্বর লিগ শুরুর ঘোষণা ফেডারেশন দিলেও বাস্তবিক অর্থে সেটা সম্ভব মনে হচ্ছে না ফুটবলসংশ্লিষ্টদের কাছে।

অর্থ সংকটে সাফস্পোর্টস ডেস্ক : পুরুষ অনূর্ধ্ব-১৭ এএফসি বাছাই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। নভেম্বরে এশিয়ার সাত দেশে ...
29/08/2026

অর্থ সংকটে সাফ

স্পোর্টস ডেস্ক : পুরুষ অনূর্ধ্ব-১৭ এএফসি বাছাই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। নভেম্বরে এশিয়ার সাত দেশে বাছাই পর্বের খেলা হবে। বিগত কয়েক বছর এএফসি টুর্নামেন্টের আগে সাফ নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট আয়োজন করেছে। এবার পুরুষদের পাশাপাশি নারীদেরও এই টুর্নামেন্ট হচ্ছে না। দক্ষিণ এশিয়ার দেশগুলো যেন এশিয়ার বাছাইতে ভালো করে এবং প্রস্তুতি ঠিকঠাক হয় এজন্য সাফ এএফসি টুর্নামেন্টের আগে অনূর্ধ্ব-১৭ আয়োজন করত। এবার না করার কারণ সম্পর্কে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, আমরা এবার আর্থিক কারণে এই টুর্নামেন্টে আয়োজন করতে পারছি না। আমাদের মার্কেটিং পার্টনার পরিবর্তন হয়েছে এটাও একটা বিষয়। ফুটবল উন্নয়নের জন্য এটি অবশ্যই দরকার। তবে সামনে আবার করব সেটা নিয়ে কাজ চলছে।
সাফের মূল আয় সিনিয়র মেন্স সাফ চ্যাম্পিয়নশীপ। ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুর পর আর এই টুর্নামেন্ট হয়নি। এবার নভেম্বরে ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বিশ্বকাপের পরই এক অনুষ্ঠানে লোগো উন্মোচন হয় টেকনোর নামে। এ নিয়ে নিয়ে সাফ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে সাফের স্বত্ব নিয়েছে টিএসএ। তারা এই টুর্নামেন্টের মার্কেটিং পার্টনার। তারা টুর্নামেন্টের স্পন্সর ও অন্য বিষয়গুলো দেখবে আমরা তাদের থেকে একটা আর্থিক অঙ্ক পাব।
২০২১ সালে মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজন করে টাকা পেতে অনেক বিড়ম্বনায় পড়েছিল সাফ। এবার বাংলাদেশি কোম্পানি টিএসএ’র সঙ্গে চুক্তি করে কতটুকু লাভবান হয় দেখার বিষয়। টিএসএ নারী ফুটবল লিগের ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে। সেই লিগে ব্র্যান্ডিং ও অতিরিক্ত ব্যয় নিয়ে খোদ বাফুফের অনেকের কাছেই প্রশ্ন রয়েছে।
সাম্প্রতিক সময়ে সাফের প্রশাসনিক ব্যয় বেড়েছে অনেক। যে কোনো টুর্নামেন্টে অনেক স্টাফসহ খোদ সাধারণ সম্পাদক যান। সেখানে বড় অঙ্কের দৈনিক ভাতা খরচ হয়। যা আগে ছিল খুবই সামান্য পরিমাণে। গত এক বছরে গঠনতন্ত্র সংশোধন, এজিএম ও নির্বাহী সভাতেও অনেক ব্যয় হয়েছে।

ইমরানের পাশে দাঁড়ালেন ২১ সাবেক অধিনায়কসহ কামিন্সস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের লিজেন্ড ইমরান খানের সুচিকিৎসার দাবি জানিয়ে ...
29/08/2026

ইমরানের পাশে দাঁড়ালেন ২১ সাবেক অধিনায়কসহ কামিন্স

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের লিজেন্ড ইমরান খানের সুচিকিৎসার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন সাবেক আন্তর্জাতিক অধিনায়করা। এবার তাদের সঙ্গে একই কণ্ঠে আওয়াজ তুললেন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স।
দুর্নীতির দায়ে ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি আছেন ইমরান। ৭৩ বছর বয়সী সাবেক অধিনায়ককে সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ইসলামাবাদে নেওয়া হয়। পরে আবার তাকে কারাগারে পাঠানো হয়। তার দুই ছেলে সুলাইমান ও কাসিম বাবার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, ইমরানকে মেরে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। এমন সময়ে প্রথম সক্রিয় অধিনায়ক হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের পাশে দাঁড়ালেন কামিন্স। গত সপ্তাহে ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কারসহ ২১ জন সাবেক অধিনায়ক ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি লেখেন। এই দাবি জানানো সাবেক অধিনায়কদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ান লিজেন্ড গ্রেগ চ্যাপেলও।
ইমরানের চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে চ্যাপেলের বক্তব্যের একটি ছোট ভিডিও ক্লিপের উদাহরণ টেনে কামিন্স এক্স-এ লিখেছেন, জিসি (গ্রেগ চ্যাপেল) ও অন্য আরও সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের প্রতি আমি আমার সমর্থন জানাচ্ছি। আমি আশা করি আদালত তার সুচিকিৎসায় সহযোগিতা করবে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত থাকবে। আমি আশা করব ইমরান খানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে, যেমনটা অন্য সবার প্রাপ্য।
চিঠিতে স্বাক্ষর করা ২১ ক্রিকেটার হলেন, মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট।

তীব্র আবাসন সংকটে এশিয়ান গেমসের আয়োজক জাপানস্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস শুরুর আগেই আবাসন ব্যবস্থা নিয়ে চরম বিপাকে পড়েছে ...
29/08/2026

তীব্র আবাসন সংকটে এশিয়ান গেমসের আয়োজক জাপান

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস শুরুর আগেই আবাসন ব্যবস্থা নিয়ে চরম বিপাকে পড়েছে আয়োজক জাপান। টুর্নামেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা প্রাথমিক ধারণার চেয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে প্রায় ১৭ হাজারে পৌঁছানোয় তৈরি হয়েছে এই সংকট। পরিস্থিতি সামাল দিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার ওসিএ কাছে অংশগ্রহণকারীর সংখ্যা কমানোর অনুরোধ জানিয়েছেন জাপানি আয়োজকরা।
আয়োজকরা প্রাথমিকভাবে ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার জন্য বাজেটিং এবং থাকার সংস্থান করেছিলেন। তবে মার্চ মাসে টেকবল এবং প্যাডেলের মতো নতুন খেলা অন্তর্ভুক্ত করায় অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১৭ হাজারে। পর্যাপ্ত বাজেট ও জায়গা না থাকায় বাড়তি অ্যাথলেট ও কর্মকর্তাদের নিজ দায়িত্বে থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে।
প্রথাগত অ্যাথলেটস ভিলেজ না থাকায় বিকল্প হিসেবে জাহাজে (ক্রুজ শিপ) চার থেকে পাঁচ হাজার অ্যাথলেটের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া কন্টেইনার আকারের অস্থায়ী বাসস্থান, বিভিন্ন হোটেল এবং টোকিওর কিছু আবাসন ব্যবহার করা হচ্ছে।
আবাসন সংকটের পাশাপাশি ক্রিকেটের অস্থায়ী ভেন্যু নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। নাগোয়ার কোরোগো স্পোর্টস পার্ক-যা কিছুদিন আগেও বেসবল মাঠ হিসেবে ব্যবহৃত হতো, সেটিকে ক্রিকেটের জন্য প্রস্তুত করায় আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভেন্যুটির মান নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি অন্যান্য সদস্যরাও অসন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৬ এশিয়ান গেমস আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি প্রিফেকচারের নাগোয়া শহর ও এর আশেপাশের অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Address

84, Naya Paltan
Dhaka
1000

Telephone

+8801718866870

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports pic and news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports pic and news:

Shortcuts

Share

Category