09/01/2025
ক্রিকেট ইতিহাসে এমন কিছু ফাস্ট বোলার রয়েছেন, যারা তাদের গতি, স্কিল এবং আগ্রাসন দিয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন । শেন বন্ড তেমনই একজন, যিনি নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন এবং ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিতে পেরেছিলেন । তবে তার ক্যারিয়ার যতটা উজ্জ্বলভাবে শুরু হয়েছিল, ততটাই দুঃখজনকভাবে শেষ হয়েছে।
শেন বন্ডের সবচেয়ে বড় শক্তি ছিল তার গতি। ঘণ্টায় ১৫০ কিমি বেগে বল করতে পারতেন তিনি। তার সঠিক লাইন-লেংথ, সুইং করার ক্ষমতা এবং ব্যাটসম্যানদের বিপদে ফেলার দক্ষতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। বন্ডের অ্যাকশন ছিল চমৎকার, তার বোলিংয়ে ছিল ভয়ংকর আগ্রাসন।
তার ক্যারিয়ারের সেরা দিকগুলোর মধ্যে অন্যতম ছিল তার অ্যানালিটিক্যাল মাইন্ড। তিনি ব্যাটসম্যানদের দুর্বলতা চিহ্নিত করে সঠিক সময়ে আঘাত হানতে পারতেন। তার বিপক্ষে ব্যাট করা ব্যাটসম্যানরা প্রায়ই স্বীকার করেছেন, বন্ডের বিপক্ষে খেলাটা তাদের জন্য চ্যালেঞ্জিং ।
বন্ডের ক্যারিয়ার বারবার থমকে গেছে চোটের কারণে। তার পিঠ, হাঁটু এবং কাঁধের চোট তাকে নিয়মিত ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছে। এমনকি তার ফাস্ট বোলিং অ্যাকশনও ছিল চোটপ্রবণ।
২০০৩ সালের বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সের পরেও, পিঠের চোট তাকে প্রায় দুই বছর মাঠের বাইরে রাখে। তিনি বারবার ফিরে এসেছেন, কিন্তু প্রতিবারই চোট তাকে ছিটকে দিয়েছে।
বন্ডের সবচেয়ে স্মরণীয় স্পেলগুলোর একটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিনি মাত্র ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন, যা এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স। তার গতি এবং সুইং অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়েছিল, যদিও ম্যাচটিতে অজিরা জয় পায় এয়ান্ডি বিকেলের অলরাউন্ড পারফরমেন্সের উপর ভর করে।
২০০১ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন বন্ড। তার ক্যারিয়ার শুরু থেকেই ছিল নজরকাড়া। কিন্তু চোটের কারণে তিনি নিয়মিত খেলতে পারেননি। ২০১০ সালে, মাত্র ৩৪ বছর বয়সে, তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন।
যদিও শেন বন্ডের ক্যারিয়ার দীর্ঘস্থায়ী হয়নি, তার প্রতিভা এবং পারফরম্যান্স অল্পসময়েই ক্রিকেটপ্রেমীদের মনে যায়গা করে নিয়েছে। তিনি প্রমাণ করেছিলেন, ফাস্ট বোলিং একটি শিল্প এবং এই শিল্পে দক্ষতা অর্জন করলে ব্যাটসম্যানদের জন্য তা কতটা চ্যালেঞ্জিং হতে পারে।