13/07/2026
Thank you Comillar Kagoj
পোল্যান্ডের ভ্রৎসওয়াফে বাংলাদেশ কমিউনিটির ‘সামার ফুটবল টুর্নামেন্ট–সিজন ২’ সফলভাবে সম্পন্ন
পোল্যান্ড প্রতিনিধি: পোল্যান্ডের ভ্রৎসওয়াফ (Wrocław)-এ বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সামার ফুটবল টুর্নামেন্ট–সিজন ২’। আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টটি প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ফুটবল আসর হিসেবে ব্যাপক সাড়া ফেলেছে। খেলাধুলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
এবারের টুর্নামেন্টে অংশ নেয় DK Encounter, Friends United (Lublin), Poznan Phoenix, Gdansk GFC, Wroclaw Bengal Tigers, Moon United, Sylheti Fuain এবং Paradise Strikers।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাংলাদেশ ও পোল্যান্ডের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজনে পোল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই শক্তিশালী নৈপুণ্য প্রদর্শন করে DK Encounter। দলটি Poznan Phoenix-কে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করে।
দিনব্যাপী একের পর এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন Wroclaw Bengal Tigers এবং DK Encounter। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ ফাইনালে ২-১ গোলের জয় তুলে নিয়ে DK Encounter চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য ছিল চ্যাম্পিয়ন দলের। সর্বোচ্চ গোলদাতা হিসেবে DK Encounter-এর Eshan জিতে নেন গোল্ডেন বুট (Golden Boot) পুরস্কার। একই দলের Enna অর্জন করেন গোল্ডেন বল (Golden Ball)। অন্যদিকে Wroclaw Bengal Tigers-এর Sakib টুর্নামেন্টের সেরা গোলরক্ষক (Best Goalkeeper) নির্বাচিত হন। এছাড়া চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি DK Encounter ফেয়ার প্লে অ্যাওয়ার্ড (Fair Play Award)-ও অর্জন করে।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করেন Khaled Saifullah Opu, Najmus Sakib Sohan এবং Hameem Russel। পুরো আয়োজন সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে নিরলস কাজ করেন Niloy, Taslim, Yasin এবং Nahid।
টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটির (Disciplinary Committee) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ড. হোসেন আলম।
ম্যাচগুলো পরিচালনা করেন ইতালির দুইজন পেশাদার রেফারি Leonardo Drago ও Gaetano Argentino। তাঁদের দক্ষ পরিচালনায় প্রতিটি ম্যাচ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
এ আয়োজন সফল করতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। টুর্নামেন্টের স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করে ZAHIR, Cillox, LEX Corporation, Moon Kebab & Grill, Anaya Kebab, Star Marks Kebab, Shop Asia, Secret Spice, Kebab Mark, Beast Kebab এবং Paradise Kebab।
আয়োজকদের মতে, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ক্রীড়া সংস্কৃতির বিকাশে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি ও মেডেল এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হয়। খেলোয়াড়, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, স্পন্সর ও উপস্থিত দর্শকদের আন্তরিক সহযোগিতায় ‘সামার ফুটবল টুর্নামেন্ট–সিজন ২’ সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।