16/06/2016
ইমরান তাহিরের ৭ উইকেট, প্রোটিয়াদের বড় জয়
☆☆
ঢাকা: ইমরান তাহির ক্যারিয়ার সেরা বোলিংটা করলেন বুধবার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৯ ওভারে ৪৫ রান খরচায় তুলে নিলেন মূল্যবান ৭টি উইকেট। তার স্পিন বিষে কুপোকাত ক্যারিবীয়রা। চলমান ত্রিদেশীয় সিরিজে ষষ্ঠ ম্যাচে তাহিরের অসাধারণ বোলিং নৈপুণ্যে জেসন হোল্ডারের দলের বিপক্ষে ১৩৯ রানের বড় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
এই জয়ে পয়েন্ট তালিকায় ফের শীর্ষে উঠে আসল প্রোটিয়ারা। ৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান দুটি করে ম্যাচে জিতেছে ও হেরেছে এবি ডি ভিলিয়ার্সের দল। সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয়। আর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৮ ওভারে ২০৪ রান তুলতেই অলআউট হয়ে যায় হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ।