12/12/2023
***স্বর্ণলতা***
স্বর্ণলতা আর থাকেনি পরজীবী হয়ে,অভিমানে-
থাকেনি বাবলা-মেহগনি ও দীর্ঘদেহী দেবদারু !
শুধু কলমিলতা ভেসে থেকেছে কষ্টের ডোবায়-
অনন্তকাল ব্যাপী একান্ত নিরুপায় হয়ে !
পক্কতার পরিমাপক শূন্যতায়,
ছয়লাব হয়েছে মগজ ! অপরিপক্কের তান্ডব-
সয়ে কখনো কখনো বাঁচতে হয় পৃথিবীকে;
অনভিজ্ঞের বিজ্ঞতা মাথা পেতে নিয়ে !
একদিন আশ্রয় দিয়েছিলো একটি অশ্বথগাছ,
স্নেহের শূন্যস্থানে শুস্ক বীজের উষ্ণ নিঃশ্বাসে-
জন্ম হয়েছিল শিশুশস্য, প্রিয় রমনী ভালোবেসে-
সমর্পন করেছিল তাঁর মাটির নরম দেহ !
সেখানে বৃক্ষ ছিল, বাদুড় বেঁধেছিলো বাসা,
মানুষেরা মাদুর বিছিয়ে খেয়েছে খৈ-মুড়ি; নিয়েছে-
নির্মল প্রকৃতির ছায়া ! সেখানে গেরুয়া বসনের-
ছেলেটি এখনো বসে থাকে কেন, জানেনা তা কেহ !
অবশেষে স্বর্ণলতা আর বাঁচেনি সে গাছে বেশীদিন !
মাধবীলতাও থাকেনি পাশে ! সন্ধ্যামালতীর আগে থেকেই ছিল-
লজ্জাবতীর মতো ভীষণ অভিমান ! আর চরম অবহেলা বুকেচেপে -
ভেসে থাকতেই যে পৃথিবীতে কলমিলতার জন্ম হয়েছে !
এখন আর সেখানে বৃক্ষ নেই, একদিন-
কিছু পাখিরা এসে ফিরে গিয়েছে ! সেখানে-
খদ্দেররা মাদুর বিছিয়ে শোয়না বলে,শুনেছি-
স্বর্ণলতা বিদায়কালে অনেক কেঁদেছে... !