11/08/2025
দৃষ্টি, শ্রবণ ও হৃদয়ের ব্যাপারে মহান রবের মহা নতর্ক বাণী :
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ ءَاذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا ۚ أُو۟لَٰٓئِكَ كَٱلْأَنْعَٰمِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْغَٰفِلُونَ
আমি তো বহু জিন ও মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের হৃদয় আছে, কিন্তু তারা তা দিয়ে অনুধাবন করেনা; চোখ আছে, কিন্তু দেখে না; কান আছে, কিন্তু শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো—বরং তারা তাদের থেকেও অধম। তারাইতো গাফিল।
সূরা আল-আ'রাফ, ৭:১৭৯
এই আয়াতে বলা হয়েছে যে, কিছু মানুষ ও জিন এমন কাজ করে, এমন জীবনযাপন করে-যার পরিণতি হচ্ছে জাহান্নাম। এটি নিয়তি নয়, বরং তারা নিজেদের আচরণ দিয়ে সে পরিণতি অর্জন করে।
হৃদয়, চোখ ও কান থাকার পরেও অন্ধত্ব:
তাদের অন্তর আছে, কিন্তু তা দিয়ে সত্যটাকে বুঝে না।
চোখ আছে, কিন্তু সত্যটাকে দেখে না।
কান আছে, কিন্তু সত্যটাকে শোনে না।
এটি আধ্যাত্মিক অন্ধত্ব ও বধিরতার কথা, যারা কুরআনের শিক্ষা ও আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নেয়।
চতুষ্পদ জন্তুর মতো—বরং তাদের চেয়েও অধম:
পশুরা তাদের প্রাকৃতিক প্রবৃত্তি অনুসরণ করে, তাদের থেকে কিছু আশা করা যায় না।
কিন্তু মানুষ জ্ঞান, বিবেক ও দায়িত্বশীবোধ নিয়ে সৃষ্টি হয়েছে। যখন সে তার এসব গুণাবলি সঠিকভাবে ব্যবহার না করে, তখন সে পশুর থেকেও নিচে নেমে যায়।
এরা দুনিয়ার মোহে এমনভাবে মগ্ন, যে তারা আখিরাত, সত্য ও আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে পড়ে।
শিক্ষা:
শুধু দৃষ্টি, শ্রবণ ও হৃদয় থাকা যথেষ্ট নয় বরং সেগুলোর সঠিক ব্যবহার করাই জরুরি।
যারা ইচ্ছাকৃতভাবে সত্যকে উপেক্ষা করে বা করছে তারা ধ্বংসের পথে রয়েছে।
মানুষ তার বিবেক, যুক্তি ও ঈমানের শক্তিকে অবহেলা করলে পশুর থেকেও অধম হয়ে যায়।
মহান রবের নিকট দৃষ্টি, শ্রবণ ও হৃদয়ের সঠিক ব্যবহারের তৌফিক কামনা করছি।