12/06/2026
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে কোচদের জন্য টেকনিক্যাল কোর্স
ঢাকা, ১২ জুন ২০২৬:
বাংলাদেশে টেবিল টেনিসের মানোন্নয়ন এবং দক্ষ কোচ তৈরির লক্ষ্যে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় “টেবিল টেনিস কোচদের জন্য টেকনিক্যাল কোর্স” আয়োজন করেছে।
আজ শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল ৫:০০ টায় রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই কোর্সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কোচ, প্রশিক্ষক এবং টেবিল টেনিস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। কোর্সটির মূল উদ্দেশ্য হলো আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, আন্তর্জাতিক মানের কোচিং কৌশল এবং খেলোয়াড় উন্নয়নের সর্বশেষ ধারণা কোচদের মাঝে ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় মিসেস জোবেরা রহমান লিনু, যিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী, ১৬ বারের জাতীয় চ্যাম্পিয়ন এবং স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর প্রাপক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ বি এম শেফাউল কবির, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, মহাপরিচালক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম দেশের কোচিং কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের দক্ষতা বিকাশের ক্ষেত্রেও প্রশিক্ষিত কোচদের অবদান গুরুত্বপূর্ণ হবে।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন দেশের ক্রীড়া উন্নয়নে সংশ্লিষ্ট সকল কোচ, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের এই উদ্যোগে সম্পৃক্ত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।