01/06/2025
হ্যান্সি ক্রনিয়ে - স্বপ্ন থেকে ধুলো কণা
সন ১৯৯৪, নেলসন ম্যান্ডেলা সুদীর্ঘ ও বহুল আলোচিত নির্বাসন কাটিয়ে ফেরার চার বছর পর ঐতিহাসিক এক নির্বাচনে জিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে অফিস করা শুরু করেছেন। বর্ণবাদে ক্ষতবিক্ষত একটি দেশের ঘা তখনো শুকোয়নি। তখনও তার হাতে একটা জটিল এবং কঠিন অ্যাসাইনমেন্ট।
একটা এক ও অভিন্ন লক্ষ্যের দক্ষিণ আফ্রিকান জাতি গঠন করার মিশনে নামেন ম্যান্ডেলা।
এই জাতি গঠন করার কাজে নেলসন ম্যান্ডেলার বড় অস্ত্র ছিল ক্রীড়া।
উনিশশো পঁচানব্বই ১৯৯৫ সালের রাগবি বিশ্বকাপ জয় সাহায্য করেছে বটে তবে ক্রিকেট ছিল তার অন্যতম হাতিয়ার।
এই পথে ম্যান্ডেলার অন্যতম সঙ্গী ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে।
"মনে হয় ম্যান্ডেলার পর দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সম্মানিত নাগরিক ছিলেন ক্রনিয়ে"- নেটফ্লিক্সে হ্যান্সি ক্রনিয়েকে নিয়ে একটি ডকুমেন্টারিতে বলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া ক্রিকেট কোচ প্যাডি উপটন।
জোহানেসবার্গের সাংবাদিক লুক আলফ্রেড নিজের স্মৃতিকথায় লিখেছিলেন, "বর্ণবাদী সেই ক্রান্তিকাল অতিক্রান্ত হওয়ার পরে গোটা দক্ষিণ আফ্রিকা একজন নায়কের খোঁজে ছিল। অনেকেই ক্রনিয়ের মধ্যে সেই নায়ককে দেখতে পেয়েছিলেন, তরুণ-বৃদ্ধ সব বয়সের লোক তার ভক্ত ছিল সে সময়। একটা নতুন যুগের নতুন মানুষ ছিলেন ক্রনিয়ে।"
নেলসন ম্যান্ডেলা শুধু দক্ষিণ আফ্রিকা নয়, গোটা বিশ্বে নিপীড়িতদের কণ্ঠ হয়ে উঠেছিলেন। ম্যান্ডেলার রাজনৈতিক দূরদর্শিতা ছিল।
দক্ষিণ আফ্রিকার গৃহযুদ্ধের সময়কার জোহানেসবার্গের একজন জ্যেষ্ঠ পুলিশ অফিসার ররি স্টেইন বলেন, "ম্যান্ডেলার ওপর সবার আস্থা ছিল না। অনেকে তাকে সন্ত্রাসীও ভাবতো। কিন্তু ম্যান্ডেলা ছিলেন জাদুকর। তিনি জানতেন যে ক্রীড়া এমন সব জায়গায় পৌঁছাতে পারে যেখানে রাজনীতি হাত দিতে পারে না।"
"তখন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা বলা শুরু করলো, তাকে একটা সুযোগ দেই, দেখি তিনি দেশটা কোথায় নিয়ে যান।"
একই সময়ের স্মৃতিচারণ করেন অ্যালান ডোনাল্ড, তিনি বলেন, "হ্যান্সি বলতেন আমরা সাউথ আফ্রিকাকে বিশ্বের এক নম্বর টেস্ট দল করবো, সেরা ওয়ানডে দল হিসেবে খেলবো, এবং পৃথিবীর সবচেয়ে ফিট ক্রিকেটিং জাতি হিসেবে তৈরি হবো।"
স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষার দিক দিয়ে ম্যান্ডেলা ও হ্যান্সি ছিলেন সমান্তরাল।
বিবিসির ক্রিকেট লেখক ও বিশ্লেষক জনাথন অ্যাগনিউর মতে, "হ্যান্সি ক্রনিয়ে একটা মানদণ্ড তৈরি করে দিতেন।"
উনিশশো ছিয়ানব্বই সালে ইউনাইটেড ক্রিকেট বোর্ড অফ সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন ড. আলী বাশের, তিনি বলেন, "তখন দেশটা একটা নতুন দিগন্তের দিকে আগাচ্ছিল, যেখানে সাদা ও কালো একই পথে হাঁটতো।"
নেলসন ম্যান্ডেলা হ্যান্সি ক্রনিয়ের ওপর একটা নতুন দায়িত্ব দিয়েছিলেন তখন, ড. আলি বাকের বলেন, "হ্যান্সিকে নেলসন ম্যান্ডেলা একজন রোল মডেল হিসেবে উপস্থাপন করেন, যিনি নিজে শ্বেতাঙ্গ হয়ে অন্য শ্বেতাঙ্গদেরকে একটা বর্ণবাদহীন দক্ষিণ আফ্রিকা গড়ায় অনুপ্রাণিত করতে পারবেন।"
উনিশশো ছিয়ানব্বই সালের জানুয়ারি মাসে নেলসন ম্যান্ডেলা একটি ভাষণে বলেছিলেন, "স্পোর্টসের একটা দায়িত্ব আছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব, দেশকে এক করার। আমি হ্যান্সি ক্রনিয়েকে আলাদাভাবে অভিনন্দন জানাবো, তিনি যেভাবে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ।"