28/12/2022
আপনার রোজগারে শুধুমাত্র আপনার ও আপনার পরিবারেরই হক নেই, কিছু হক আছে এমন কিছু মানুষের, যাদেরকে আপনি চেনেনই না, যাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই।
কেউ একা বড় হতে পারে না। একা বড় হয়ে কোন গল্প তৈরি হয় না। জীবনে বলার মত একটা গল্প তখনই হয় যখন আপনি অন্তত একজন মানুষের জন্য জীবনে বলার মত কিছু করেছেন।
কাউকে লেখাপড়া শিখিয়েছেন বা কারো লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন, কারো মাথাগোঁজার জন্য একটা ঘর তৈরিতে সাহায্য করেছেন বা কাউকে জীবনে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন...? নিজেকে প্রশ্ন করতে হবে
আমি গত ৮ বছর যাবত প্রায় ২৩০টি নলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রামে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছি এবং ছুটে গিয়েছি ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিদেশে ও শহরের অসংখ্য বিশ্ববিদ্যালয় ও অডিটোরিয়াম মঞ্চে।
আর গত ৫ বছর ধরে “নিজের বলার মতো একটা গল্প” প্লাটফর্ম নিয়ে দেশের বেকারত্ব দূরীকরণে, তরুণদের দক্ষতা বৃদ্ধিতে ও তাঁদের উদ্যোক্তা হতে প্রতিদিন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি ও মেন্টিরিং করছি ভালোলাগা ও ভালোবাসা এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে। ইনশাল্লাহ করে যাবো, যতদিন বেঁচে থাকবো...
এই পুরো কাজটি করেছি কোন পারিশ্রমিক ছাড়া অর্থাৎ কোন টাকা নেইনি কারো কাছ থেকে যেহেতু এটা আমার একটা সামাজিক দায়বদ্ধতা ও দেশের জন্য কাজ।
আমাদের নিজেদের এগিয়ে যাওয়া ছাড়াও আমাদের গ্রামের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, আমাদের সমাজের প্রতি ও আমাদের দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে - এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।
আল্লাহ সেই হাতে দুহাত ভরে সম্পদ দেন বা সেই হাতকে আল্লাহ পছন্দ করেন – যেই হাত দিয়ে অন্যের জন্য নিঃস্বার্থভাবে খরচ করেন।
আপনি জীবনে কারো কোন ক্ষতি করছেন না বা আপনি ক্ষতির কারণ হচ্ছেন না – এটাও একধরনের সামাজিক উপকার !
কিছু কিছু কাজ করতে একেবারেই কোন টাকা পয়সা লাগে না। কাউকে একটা ভালো পরামর্শ দিয়ে বা উপকার করে তাঁর জীবনটা বদলে দিয়েছেন বা কাউকে রক্ত দিয়ে জীবন বাচিঁয়েছেন বা কারো বিপদে পাশে থেকেছেন বা অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে পেরেছেন বা কারো জমিতে অন্তত ১ টা গাছ লাগিয়ে উপহার দিয়েছেন... যে গাছ একদিন বড় হয়ে তাঁর একটা ঘর বানাতে সাহায্য করবে... এটাই নিজের বলার মত একটা গল্প!
মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না।
ইকবাল বাহার জাহিদ।